মিল্কভিটা দুধ না নেয়ায় সমবায়ীরা মাটিতে ঢাললেন দুধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৪:০৫
অবরোধের কারণে ভাঙ্গুড়ায় মিল্ক ভিটার চিলিং সেন্টার দুধ ক্রয় সীমিত রাখায় রবিবার দুগ্ধ সমবায়ীরা দশ ক্যান দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ জানিয়েছেন। ক্রেতা অভাবে খোলা বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ১০ টাকা লিটার দরে।
খামারীরা জানান, মিল্ক ভিটা কিছুদিন হলো কোটাভিত্তিক দুধ ক্রয় করছে। অথচ মিল্ক ভিটার রেজিস্ট্রিকৃত সমিতিগুলোর এখন দৈনিক দুধের উৎপাদন প্রায় ৫০ হাজার লিটার। রবিবার সকালে ক্রয় কেন্দ্রে ২০/২২ হাজার লিটার দুধ চলে আসে। এর মধ্যে মাত্র সাত হাজার লিটার দুধ ক্রয় করার ঘোষণা দেয়ায় বেতুয়ান, চরভাঙ্গুড়ার ও বৃলাহিড়িবাড়ি গ্রামের মোট ছয়টি সমিতির ম্যানেজাররা ১০ ক্যান দুধ মাটিতে ঢেলে দেন।
ক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক ডা. কামরুল ইসলাম বলেন, বেতুয়ান সমিতির টক দুধ ফেরত দেয়ায় তারা রাগে ঢেলে ফেলেন।
বেতুয়ান দুগ্ধ সমবায় সমিতির ম্যানেজার শাহআলম ও রজিবুল ইসলাম তাদের দুধ টাটকা দাবি করে বলেন, দুধ ফেরত দেয়ার প্রতিবাদে তারা সেখানেই বেশিরভাগ দুধ মাটিতে ঢেলে দিয়েছেন। অবশিষ্ট দুই শ ২০ লিটার দুধ আকিজ ও ব্র্যাক চিলিং সেন্টারে তারা বিক্রি করেছেন। তারা পাল্টা প্রশ্ন তুলে বলেন দুধ টক হলে কি তারা কিনতো?
চিলিং সেন্টারের ব্যবস্থাপক ডা. কামরুল ইসলাম কোঠার কথা স্বীকার করে জানান, অবরোধের কারণে ট্যাংক ঠিকমত পরিবহন করতে না পারায় তারা সীমিত পরিসরে দুধ ক্রয় করতে বাধ্য হচ্ছেন।