কিবরিয়া হত্যা: মেয়র আরিফুলের জামিন নামঞ্জুর

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৫:১১

 

হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার রবিবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম এই আদেশ দেন।
জামিন আবেদনের শুনানিতে আসামিপে জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক মনজুর উদ্দিন আহমেদ শাহীন, খালিকুজ্জামান চৌধুরী, সালেহ উদ্দিন আহমেদ, সামছু মিয়া চৌধুরী ও আব্দুন নুর খান ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপে ছিলেন পিপি আকবর হোসেন জিতু, আলমগীর ভূইয়া বাবুল, মনোয়ার আলী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জামিন প্রার্থনার বিরোধিতা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে আসামী করার পর তিনি গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন প্রার্থনা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর একদিন পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে এক গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়।