অবরোধে একমাত্র অবলম্বন হারিয়ে অন্ধ মায়ের আহাজারি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ২২:২২
অবরোধে একমাত্র অবলম্বন হারিয়ে অন্ধ মায়ের আহাজারিতে শোকাচ্ছন্ন গ্রাম। ২০ দলীয় জোটের ডাকা অর্নিদৃষ্ট কালের  অবরোধে  রবিবার ভোর রাতে বরিশালের উজিরপুরে পেট্রোল বোমায় নিহত ট্রাক হেলপার সোহাগ গাজীর (১৮) লাশ রবিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। সোহাগ গাজী ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা গ্রামের মৃত সাগর গাজীর পুত্র।
 সোহাগের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় নগরকান্দা বাজার হতে ট্রাকে বরিশালে যায়। বাড়িতে ফেরার পথে উজিরপুরে পৌঁছানো মাত্রই দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকে আগুন ধরে যায়। সোহাগ ঘটনা স্থলে মারা যায় এবং ট্রাকের চালক রিপন (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আব্দুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ নিহতের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা প্রশাসকের পক্ষ থেকে দাফনের জন্য ১০ হাজার টাকা  সোহাগের দৃষ্টি প্রতিবন্ধী মাতা সেলিনা বেগমের হাতে তুলে দেন।