নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বন্ধন পরিবহনের একটি বাস অভিনব কায়দায় আটকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক সহ অন্তত ১০জন আহত হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আগুনে দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে স্বামী, স্ত্রী ও আড়াইবছরের শিশু সন্তান রয়েছে।
রোববার রাত সোয়া ৯টায় শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে সমবায় নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বন্ধন বাসের (ঢাকা মেট্রো ব ১১-০০৩৩) বাসের চালক করিমউল্লাহ জানান, ঢাকা থেকে আসা বাসটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার সময়ে সমবায় নিউ মার্কেটের সামনে ৫-৬জন যুবক কাঠের মধ্যে তারকাঁটা মেরে চাকার নিচে ফেলে দেয়। বিষয়য়টি দেখে আমি বাস থামানোর পরেই ওইসব যুবকেরা বাসের গ্লাস ভাঙচুর করতে থাকে। তাদের মধ্যে কয়েকজন যুবক বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।
আগুন দেওয়ার ঘটনায় চালক করিমউল্লাহ সহ অন্তত ১০জন আহত ও দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৬জনকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলো - ডা. সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী ডা. শারমিন সিদ্দিকী, আড়াইবছরের শিশু সাফিন, মিজানুর রহমান, ইমান আলী ও সোহাগ। এ ৬জনের মধ্যে প্রথম তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আজিম গাজী নামের একজনকে আটক করেছে।
