বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ চলাকালে মানিকগঞ্জে একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে একটি বাসে এবং সোমবার ভোরে মূলজান এলাকায় মাছ বোঝাই একটি ট্রাকে আগুন দেয়া হয়। তবে ঐ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শুভযাত্রা বাস (ঢাকা মেট্রো জ ১১-২৮৬৭) পার্শ্ববর্তী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যাচ্ছিল। চালক-হেলপার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না। পথিমধ্যে বাসস্ট্যান্ডের পিটিআই গেটের সামনে অজ্ঞাতরা বাসটিকে আগুন দেয়। বাসে আগুন দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে পৌঁনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়।
অপরদিকে ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতরা মূলজান এলাকায় মহাসড়কের গাছ কেটে গুড়ি ফেলে অবরোধ করে ঢাকা থেকে খুলনাগামী মাছ বোঝাই ট্রাকে (খুলনা মেট্রো ট ১১-১২৬৪) আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির এক পাশের চাকাসহ সামনের অংশ পুড়ে যায়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে বাস ও ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পৃথক দুটি ঘটনায় বাস ও ট্রাক পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দুটি ঘটনায় থানায় পৃথকভাবে মামলার প্রস্তুতি চলছে ।
