সিরাজগঞ্জের রায়গঞ্জে হাফিজুল ইসলাম খান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের খোদাদপুর মৌজার ঢেলাপীর নামকস্থানে ধানক্ষেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নিহতের জবাই করা লাশ উদ্ধার করেছে। নিহত হাফিজুল উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের শহীদুল ইসলাম খানের পুত্র।
থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, হাফিজুল রবিবার সন্ধ্যায় বগুড়া জেলার শেরপুর উপজেলা শহরে রিজার্ভ যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে রাত আটটার দিকে অহহৃত হন। পরে ওই স্থানে নিয়ে গিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে জবাই করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায়। তার অটোরিকশাটি রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া ব্রিজের কাছ থেকে রাত তিনটার দিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, রাত আটটার পর থেকে মধ্যরাতের মধ্যে এই নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে।
রায়গঞ্জ এএসপি সার্কেল মাহমুদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
