নারায়ণগঞ্জে বাস ও ট্রাকে আগুন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৬:১৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী একটি বাস ও একটি  ট্রাকে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা। এতে বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লার মাসদাইর এলাকাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টায় ২০-২৫ জনের একদল  যুবক আকস্মাৎ লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে ব্যারিকেড দেয়। এ সময় ব্যারিকেডে আটকে থাকা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে তারা। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ছিটিয়ে যাত্রীবাহী বাসটি ও ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।