বেলকুচিতে পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৫

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৫:৫০
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের ধর্নাঢ্য তাঁত ব্যবসায়ী মৃত হাজী গোলাম মুন্সীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির এক সদস্যসহ পাঁচ জন আহত হয়েছেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে আসার চেষ্টা করলে ডাকাতদল বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে একটি আগ্নেয়াস্ত্র ফেলেই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাইপ গানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে তামাই গ্রামের ধর্নাঢ্য তাঁত ব্যবসায়ী মৃত হাজী গোলাম মুন্সীর বাড়িতে পুলিশ পরিচয়ে ১২/১৪ জনের একদল ডাকাত প্রবেশ করতে চায়। তখন বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে মারপিট শুরু করে। এ সময় তারা ২২ ভরি স্বর্ণ এবং ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ব্যবহৃত একটি দেশীয় তৈরী পাইপ গান ফেলেই পালিয়ে যায়। ডাকাতদলের হামলায় বাড়ির মারহাবা মুন্সীসহ (৪৫) পাঁচজন আহত হন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।