যশোর বিএনপি কার্যালয়ে অভিযান, আটক ১১

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২০:৫০
 
 
যশোর জেলা বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে জেলা বিএনপির শীর্ষ নেতাসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের লালদীঘি পাড়ের বিএনপি কার্যালয়ে এ অভিযান চালানো হয়। তবে পুলিশ দলীয় কার্যালয় থেকে আটকের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের লালদীঘি পাড় থেকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন— জেলা বিএনপি সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি কর্মী তানভীর রহমান তুহিন, মোস্তফা কামাল মিন্টু, নূর ইসলাম মোল্লা, নাসির উদ্দিন মিন্টু, হাসিবুল হক চৌধুরী হাসিব, ইকরামুল ইসলাম, সামিউর রহমান সৈনিক, আমিনুর রহমান পিন্টু ও কবির হোসেন বাবু।
 
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই মিলাদ মাহফিলে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
 
তবে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, বিএনপি কার্যালয় নয়, লালদীঘি পাড় থেকে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, গাড়ি পোড়ানোসহ নানা পরিকল্পনার অভিযোগ রয়েছে।