২০ দলীয় জোটের অবরোধে রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাকসহ ২০টি যানবাহনে অগ্নিসংযোগ-ভাংচুর করা হয়েছে। ত্রিশালে আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এদিকে নাশকতা রোধে পঞ্চগড় পুলিশ রাতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গতকাল দুপুরে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা। পরে আসবাবপত্র কার্যালয়ের বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় দলীয় কার্যালয়ের সব মালামাল।
নোয়াখালী: গতকাল ভোরে মাইজদী জামে মসজিদ মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মফিজ প্লাজার সামনে ট্রাকে আগুন দেয়ার চেষ্টা চালায় মোটর মাইকেল আরোহী দুই পিকেটার। জেলায় বিএনপি ও জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
পঞ্চগড়: নাশকতারোধে রাতের বেলা সকল যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। গতকাল জেলা পুলিশের এক সভাশেষে এ সিদ্ধান্তের কথা সকল যাত্রীবাহী বাস কাউন্টার ও পেট্রোল পাম্পগুলোতে জানিয়ে দেয়া হয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল): রবিবার গভীর রাতে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে সেবা পরিবহনের একটি থেমে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া: গত রবিবার সন্ধ্যায় শহরের কালীবাড়ী মোড়, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোড, স্টেশন রোড, জেলা পরিষদ মার্কেট, রেল গেট, কাউতলী মোড়, কুমারশীল মোড়, মেড্ডা বাসস্ট্যান্ড ও দক্ষিণ পৈরতলায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। কালীবাড়ী মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে।
নারায়ণগঞ্জ: গতকাল দুপুরে সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকায় আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। সিদ্ধিরগঞ্জে দুই নম্বর ঢাকেশ্বরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ: রবিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল ভোরে মূলজান এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ঢাকা থেকে খুলনাগামী মাছ বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
জীবননগর (চুয়াডাঙ্গা): রবিবার রাতে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে দুটি বাস ভাংচুর করা হয়।
যশোর অফিস: রবিবার রাতে শহরের নাজির শংকরপুরে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
বগুড়া: গতকাল শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় শিবির কর্মীরা একটি ট্রাক ভাংচুর করে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ বিভিন্ন স্থান থেকে ১০ নেতাকর্মীকে আটক করে। বিকাল সাড়ে ৪টার দিকে শহরের নিশিন্দারায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
জয়পুরহাট: কালাইয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে ২০ দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা হামলা করে ও ২০ দলীয় জোট সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মিঠাপুকুর (রংপুর): মিঠাপুুকুরে গাড়ি পোড়ানো ও হত্যা মামলার ঘটনায় শফিকুল ও মিন্টু নামে দুজনকে আটক করা হয়। গুলিবিদ্ধ মিন্টুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বরিশাল অফিস: উজিরপুরে পেট্রোল বোমায় ট্রাকের হেলপার সোহাগ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।
নেত্রকোনা: বারহাট্টা রোডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতা আনিছুর রহমান আনিছ ও সাব্বির আহমেদ সাদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
পরশুরাম (ফেনী): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথা ও রামপুর রাস্তার মাথায় ২টি ট্রাকে ও শহরের এসএসকে সড়কের পাঠানবাড়ী রাস্তার মাথায় একটি ব্যাটারী চালিত অটোরিকশায় গত রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় দৃর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করলে আতংক ছড়িয়ে পড়ে।
