কুমিল্লায় অস্ত্র-মাদকসহ দুই সন্ত্রাসী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১২:০৫
কুমিল্লায় এনামুল হক পরাগ (৩২) ও জহির হোসেন (২৫) নামে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও র‌্যাব  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার শাকতলাস্থ র‌্যাব-১১ এর একটি দল সোমবার রাত নয়টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার ২নং সেকশনের ৫/১ ব্লক-জি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির নীচতলার একটি সংস্কারাধীন কক্ষ থেকে নগরীর বাদুরতলা এলাকার এনামুল হক পরাগ ও সদর উপজেলার দক্ষিণছড়া গ্রামের জহির হোসেনকে আটক করে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  এ ব্যাপারে অস্ত্র ও মামদক আইনে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
র‌্যাব-১১’র অধিনায়ক মেজর এজেডএম সাকিব সিদ্দিকী জানান, এর আগে গত বছরের ২৯ মার্চ এনামুল হক পরাগকে ১টি বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার করা হয়। প্রায় দুই মাস আগে জামিনে ছাড়া পেয়ে তিনি আবারো অস্ত্র ও মাদক ব্যবসায় জড়ান।