ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক হাতবোমা বিষ্ফোরণ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৪:৪৮



ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৈরতলায় ৫টি ও সদর উপজেলার রামরাইলে ৬টি হাতবোমার বিষ্ফোরণ ঘটনানো হয়। অন্যদিকে সোমবার রাত ৯টার দিকে শহরের কালীবাড়ি মোড়, টিএ রোড, ঘাটুরা মোড়, পাওয়ার হাউজ রোড, জেলা পরিষদ মার্কেট, রেলগেইট, কাউতলী মোড়, কুমারশীল মোড়, মেড্ডা, পীরবাড়িতে কমপক্ষে ৪০টি হাতবোমার বিষ্ফোরণ ঘটে। তবে এসব বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে টানা অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল­ার ট্রাক, যাত্রীবাহী বাস সীমিত আকারে চলাচল করছে। ট্রেন চলাচলও সিডিউল বিপর্যয় হচ্ছে। বিলম্বের কারণে ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে শহরের অভ্যন্তরে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নাশকতা টেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে। এছাড়া ২ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। সোমবার রাত থেকে এখন পর্যন্ত ১৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।