মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত মধ্য রাতে এ বোমা হামলা চালানো হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। জালাল উদ্দীন ওই গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।
প্রধান শিক্ষক জালাল উদ্দীন জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির উঠানে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে সবার ঘুম ভেঙ্গে যায়। প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে আসলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। বিদ্যালয়ে একজন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে এ বোমা হামলা চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন। গত বছর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেও তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছিল বলেও জানান তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা হামলার সংবাদ পেয়ে স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। সেই সাথে দুর্বৃত্তদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।
