চলনবিলে শীতে ৫ জনের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৮:১২
 
চলনবিলের শুরু হয়েছে হাঁড় কাঁপানো মাঘের শীত। পৌষের শীতে মানুষকে কাবু করতে না পারলেও গত ৩দিনের  শীত জনিত রোগে তাড়াশ উপজেলাতেই মারা গেছে পাঁচ জন। চলনবিল এলাকায় ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা তাড়াশে রেকর্ড করা হয় ১০ডিগ্রী এবং সর্বোচ্চ ১৪ডিগ্রী সেলসিয়াস। গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি এবং তার আগের দিন ছিল ১২ ডিগ্রী। তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ায় শীতের ধকল অসহনীয় হয়ে পড়ছে বয়স্ক লোকজনের জন্য। ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক লোকজন। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কোল্ড ডাইরিয়া, আমাশয়, সর্দি-কাশিসহ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের আসান আলী (৭০) কোহিত গ্রামের আমেনা বেওয়া (৮৫) গুল্টা গ্রামের মজিবর (৮০) উলিপুরের আব্দুর রশিদ (৭০) কালিদাসনীলির বাহাদুর আলী (৭০) শীত জনিত রোগে গত ৩ দিনে মারা গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মানুষের ভিড় বাড়ছে।