ধর্মঘটে ঢাবির কার্জন হলের ১৭ তালায় সুপার গ্লু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০১:০৪

ছাত্রদলের দুই দিনের ধর্মঘটের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রধান ফটক, দুইটি ছোট গেট ও ১৪টি শ্রেণিকক্ষের ১৭ তালা ‘সুপার গ্লু’ দিয়ে আটকে দেয়া হয়। গতকাল বুধবার সকালে কর্মচারীরা তালাগুলো গ্লু দিয়ে আটকানো অবস্থায় দেখে। পরে তালা ভেঙে কক্ষগুলো শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এদিকে ধর্মঘটে গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস।

হরতাল-অবরোধ ও ধর্মঘটের মধ্যে সকাল থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিচরণ ছিল তুলনামূলক কম। ছাত্রদলের কাউকে প্রকাশ্যে দেখা না গেলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দেয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ জানান, ভোরে কার্জন হলের ১৭টি তালা ‘সুপার গ্লু’ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া গেছে। সকালে বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ থাকলেও পরবর্তীতে তা চালু হয়। ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।