নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে আজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০৯:২৬



বরেণ্য শিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সাত দিনব্যাপী সুলতান মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এ মেলায় গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, কাবাডি, ভলিবল ও হ্যান্ডবল  প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, কুস্তি, এঁড়ে লড়াই, লাঠিখেলা, দড়ি টানাটানি, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারিগান, কবিগান, সেমিনার, সুলতান স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী এ সুলতান মেলায় নড়াইলের ৩৪টি সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এছাড়া প্রতিদিনই থাকছে শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাত দিনের এ মেলায় শতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। এবছর সুলতান পদক প্রদান করা হবে। পদক পাচ্ছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ চিত্রশিল্পী কালিদাস কর্মকার।