যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা: ২৭ জন দগ্ধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ০১:২৯
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে প্রেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।  বাসটিতে আগুন লাগার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যণ্ত অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় রাত সোয়া ৯টায় গ্লোরি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করলে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোবোমায় পুরো বাসটিতে আগুন ধরে যায়। এসময় ১৪ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার তৎপরতার ধারাবাহিকতায় এখন পর্যন্ত ২৭ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন- জয়নাল আবেদিন মোল্লা (৩০), সালাহউদ্দিন পলাশ (৪০), শহিদ (৩০), তাকদির ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৫), মোশাররফ হোসেন (৪০), সালাহউদ্দিন (৪০), সহিদা (২৬), ইয়াসির আরাফাত (২৫), রাশেদ (২২), মোমেন (২৮), খোকন (২৫), হারিস (২৫) , নুরে আলম (৩০), সুমন, ফারুক, রুবেল, শাহজাহান সর্দার (৬০), মোজাফ্ফর মোল্লা, জমির আলী (৪০), তানভির (২০), আবু মিয়া (৫০), আলামিন (২৫), শহীদুল (৪৫), জাভেদ (৪০) ও আব্দুল মান্নান (৬০)।
বার্ন ইউনিটের সমন্বয়কারী ড. সামন্তলাল সেন জানিয়েছেন, “দগ্ধদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।”
এছাড়া দগ্ধ না হলেও আফরোজা (৩০) ও ইশতিয়াক মোহাম্মদ বাবর (৩২) নামে আহত দুজনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।