পূর্বসূরীদের নীতি অনুসরণ করবেন নতুন সৌদি বাদশা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১১:১২
পূর্বসূরীদের দেখানো পথ ও নীতি অনুসরণ করেই দেশকে পরিচালনা করবেন বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদ। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন, সৌদি আরবের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সমস্ত নীতি চলে এসেছে তিনিও সেগুলোই মেনে চলবেন। পাশাপাশি, আরব দেশগুলোসহ ইসলামিক বিশ্বকে একতাবদ্ধ হবার জন্যেও ডাক দিয়েছেন তিনি।
সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আব্দুল-আজিজ দায়িত্ব নেবার পাশাপাশি দেশটির যুবরাজ হিসেবে দায়িত্ব পেয়েছেন তারই ছোট ভাই মুকরিন। আর উপ-যুবরাজের দায়িত্ব পেয়েছেন নতুন বাদশাহ’র ভাইয়ের ছেলে মুহম্মদ বিন নায়েফ।
আগের বাদশাহ আব্দুল্লাহ ছিলেন একজন উদারবাদী সংস্কারক। নারীদেরকে প্রশাসনের অনেক উচ্চ পর্যায়েও তিনি নিয়োগ দিয়েছিলেন। কিন্তু নতুন বাদশাহ সালমান অপেক্ষাকৃত রক্ষণশীল।
বিশ্লেষকরা বলছেন, তেলসম্পৃদ্ধ এই দেশটির নতুন বাদশাহর সামনে রয়েছে বেশ কয়েকটি চ্যালেঞ্জ। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জটিই হলো, আগের বাদশাহর ধারাবাহিকতা রক্ষা করা। এছাড়া, দেশের ভেতরে ও বাইরে জিহাদিদের মোকাবেলা করাটাও একটি বড় হুমকি।

বিশেষ করে, যখন ইসলামিক স্টেট বা আইএস হুমকি দিয়েছে যে, সৌদি আরবের সিংহাসন থেকে আল সউদ বংশকে তারা সরিয়ে দিতে চায়।