মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া আসছেন রবিবার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৫:৫৯

ঢাকায় নিযুক্ত নয়া মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া আসছেন রবিবার। বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন তিনি। মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট হলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রদূত।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে গত ২২ মে বার্নিকাটকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর মনোনীত ব্যক্তি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে অংশ নেন। শুনানি শেষে ওই কূটনীতিকের নিয়োগ চূড়ান্ত হয়। ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র সময় রাত ৮টা ২১ মিনিটের কিছু আগে কণ্ঠভোটে মার্কিন সিনেটে আরো চারজন রাষ্ট্রদূতের সঙ্গে বার্নিকাটের প্রস্তাবটিও চূড়ান্তভাবে অনুমোদিত হয়।