জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা পেলেন কামাল আহমেদ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬

সঙ্গীত ও গণমাধ্যমে অবদানের জন্য মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী কামাল আহমেদকে জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক কামাল আহমেদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। শিল্পীর হাতে সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী, গবেষক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ শেখ আলী আহমেদ, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন খুলনার চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ক্রীড়া ভাষ্যকার ড. সাইদুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক শেখ জাকির হোসেন এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার অশোক কুমার দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র খুলনা শাখার সভাপতি নাজমুল হক লাকি।

সন্ধ্যা ৬টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি দর্শক-শ্রোতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।