একক অভিনয় নাট্য উত্সবে ৭ নাটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

একক অভিনয় নাট্য উত্সব ২০১৯ শুরু হতে যাচ্ছে আগামীকাল। উত্সবটি ৭ মার্চ নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্সবের উদ্বোধন করবেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং অতিথি হিসেবে থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্যজন লিয়াকত আলী লাকী।

 উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সেলিনা খালেক, প্রাক্তন সভানেত্রী, বাংলাদেশ মহিলা সমিতি ও সদস্য নাট্য উত্সব উপদেষ্টা কমিটি। এই নাট্য উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা সমিতি। সাবির্ক সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল থিয়েটার পরিবেশন করবে ‘কহে বীরাঙ্গনা’, ২ মার্চ ঢাকা থিয়েটার পরিবেশন করবে ‘পঞ্চনারী আখ্যান’, ৩ মার্চ ধ্রুপদী অ্যাক্টিং স্পেস পরিবেশন করবে ‘নভেরা’, ৪ মার্চ বাংলাদেশ থিয়েটার পরিবেশন করবে ‘আমি’, ৫ মার্চ স্বপ্নদল পরিবেশন করবে ‘হেলেন কেলার’, ৬ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশন করবে ‘বীরাঙ্গনার বয়ান’ ও ৭ মার্চ নান্দীমুখ পরিবেশন করবে ‘আমার আমি’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকগুলো।