রাজশাহী বিভাগে বুধবার ২৪ ঘণ্টা ও বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৮:২১

রাজশাহী বিভাগে বুধবার ভোরে থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। অন্যদিকে, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি। টানা অবরোধের মধ্যেই পৃথক বিবৃতিতে এই হরতাল আহ্বান করা হয়।
সোমবার দুপুরে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভাগের ৮ জেলায় হরতালের ডাক দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদসহ অন্যান্য দাবিতে এই হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
অন্যদিকে, রাজশাহী মহানগর ও জেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক হরতাল আহ্বান করেছে মহানগর ও জেলা বিএনপি। বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু এবং বিশেষ সম্পাদক নাদিম মোস্তফার বরাত দিয়ে জেলার সহ-সভাপতি মাইনুল আহসান পান্না এই হরতাল আহ্বান করেন। জেলা ও মহানগরের নেতাদের গ্রেফতার, মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে এই হরতালের কথা জানান তিনি।