কাশ্মিরের পুলওয়ামা এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ৫০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে। কারণ পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলায় দায় স্বীকার করে। এর বিপরীতে পাকিস্তানও তাদের দেশে বলিউড ছবির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এরমধ্যে জানা গেছে, পাকিস্তানে ভারতীয় সব ধরনের ছবির প্রদর্শনী ও ব্যবসা পুরোপুরি বন্ধের জন্য লাহোর হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। শেখ লতিফ নামে এক পাকিস্তানি নাগরিক গত বৃহস্পতিবার তার করা পিটিশনে পাকিস্তানে ভারতীয় ছবির ব্যবসা ও প্রদর্শনীতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন।
ওই পাকিস্তানি তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, সরকার ঘোষিত আমদানি নীতিসংক্রান্ত নির্দেশ ২০১৬ অনুযায়ী সব ভারতীয় ছবির আমদানি নিষিদ্ধ করা উচিত। তবে তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, ভারতীয়সহ সব আন্তর্জাতিক ছবির প্রদর্শন অব্যাহত থাকবে। আবেদনকারীর যুক্তি, পুলওয়ামা হামলার পর পাকিস্তানি অভিনেতা ও শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। এ পরিস্থিতিতে আদালত যাতে সরকারকে ভারতীয় ছবি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার নির্দেশ দেন, সেই আর্জি লতিফের। অন্যদিকে পাকিস্তানের বড় চলচ্চিত্র ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ভারতীয় ছবি বন্ধ করা তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। যদিও তারা জানেন, এতে চলচ্চিত্র ব্যবসা আর্থিক ক্ষতির মুখোমুখি হবে।
এর আগে সালমান খান তার প্রযোজিত ছবি নোটবুক থেকে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে পর্যন্ত বাদ দেন। তবে পাকিস্তান এ ঘটনায় চুপ করে থাকবে, এমনটা ভাবার কারণ নেই। তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। জানা গেছে, পাকিস্তান সরকার তাদের দেশের শিল্পীদের কথা বিবেচনা করে এরইমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বেশকিছু নির্দেশনা জারি করা হয়েছে।
