রামপুরায় র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের পরিচয় মিলেছে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ০১:৪৬

রাজধানীর রামপুরায় রবিবার র্যাবের চেকপোস্টে  ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। এদের একজনের নাম  আবুল কালাম আজাদ (৪৫) ও অপরজনের নাম সুলতান (৪০)। নিহত দুইজনই পেশায় গাড়ি চালক। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিহতদের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

নিহত আবুল কালাম আজাদের স্ত্রী শাহিনূর বেগম জানান, তার স্বামী প্রাইভেটকার চালক। গত ২১ ডিসেম্বর তার স্বামীর সাথে শেষবার মোবাইল ফোনে তার কথা হয়েছিল। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এর আগে গত অক্টোবর মাসে তিনি জেল থেকে ছাড়া পান। পরিবার নিয়ে টঙ্গীর এরশাদ নগরের পাশে চাংখিরটেক গ্রামে থাকতেন। আজাদ ভোলা সদরের বাপতা গ্রামের খোরশেদ আলমের ছেলে। সোমবার সকালে নাম না বলে আজাদের বন্ধু পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে জানায় যে, তার লাশ ঢাকা মেডিক্যালের মর্গে পড়ে আছে। গতকাল সন্ধ্যায় মর্গে এসে স্বামীর লাশ শনাক্ত করেন শাহিনূর। তাদের শিল্পী (১৮), রোজিনা (১৭), আফসানা (১) নামে তিন মেয়ে রয়েছে। শিল্পী ও রোজিনা টঙ্গীতে পোশাক কারখানায় কাজ করে।

নিহত সুলতান ছিলেন আজাদের সহযোগী। তিনিও পেশায় গাড়ি চালক। গাজীপুরের টঙ্গীতে সুলতানের বাসা। গতকাল সন্ধ্যায় মর্গে সুলতানের আত্মীয় পরিচয় দিয়ে একজন মহিলা লাশ শনাক্ত করেন।