নাশকতাকারীদের রুখতে শেষ পর্যন্ত লাঠি বাঁশির ব্যবহার শুরু করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেট বিপণি বিতান আর ফুটপাতের হকাররা। ইতিমধ্যেই ৩ নাশকতাকারীকে হাতে নাতে ধরে র্যাবের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা পুরস্কার প্রাপ্তির খবরে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ব্যবসায়ীদের এই লাঠি সরবরাহ করার কথা স্বীকারও করেছেন খোদ জেলা ছাত্রলীগের নেতারা। সংগঠনের সভাপতি সাফায়েত আলম সানি জানান, নাশকতার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের সমর্থন দেখে আনন্দিত। কারণ শহরের বিভিন্ন পয়েন্টে পাহারা দেয়ার সময় বেশির ভাগ ব্যবসায়ীই আমাদের কাছ থেকে লাঠি ও বাঁশি চেয়ে নিয়েছেন।
