আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে ঢুকবেন শিক্ষকরা!

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৫, ১৬:১২
 
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনে প্রদেশের শিক্ষকদের ক্লাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার অনুমতি দেয়া হয়েছে। গত মাসে পেশোয়ারে তালেবানদের হামলার পর এই অনুমতি দেয়া হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর ওই প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ শিশুসহ ১৫০ জন নিহত হয়।
প্রাদেশিক শিক্ষামন্ত্রী আতিফ খান এএফপিকে বলেছেন, বাধ্যতামূলকভাবে সব শিক্ষককেই অস্ত্র বহন করতে হবে না।  তবে যারা অস্ত্র বহন করতে ইচ্ছুক তারা অনুমতি নিয়ে অস্ত্র নিতে পারবেন।
প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক গানি এ সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দেয়ার মতো পর্যাপ্ত সংখ্যক পুলিশের যোগান দেয়া প্রাদেশিক সরকারের জন্য সম্ভব হচ্ছে না। এ কারণে শিক্ষকদের ক্লাসে অস্ত্র নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।
এরই মধ্যে শিক্ষকদের অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। নারী শিক্ষিকাদের সর্বশেষ ব্যাচকে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সূত্র: এএফপি।