ময়মনসিংহের নান্দাইলে বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা আসিফ পারভেজ টুপন (২০) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের ঝালুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আসিফ বন্ধুদের সাথে নান্দাইলের অবসর সিনেমা হলের পাশের একটি আবাসিক এলাকায় আড্ডা দিতে গিয়েছিলেন। পরে সেখানেই আসিফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।
চিকিৎসক মো. নুরুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আসিফের নাড়িভুঁড়ি বের হয়ে পড়ে। হাত ও পায়ের রগও কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেছেন, হত্যার ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তথ্য সংগ্রহ করে হামলাকারী দুর্বৃত্তদের ধরার জন্যে চেষ্টা চালানো হচ্ছে।
