মুন্সীগঞ্জে ট্রাক উল্টে মা-ছেলেসহ নিহত ৪

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৮:৫০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে ট্রাক উল্টে মা ও ছেলেসহ চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুট্টা ভর্তি ঢাকা থেকে কুমিল্লাগামী ট্রাকটি শুক্রবার দুপুরে উল্টে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা দু’টি সিএনজি স্কুটার ও একটি রিক্সার উপর পড়ে যায়। নিহতরা হলেন- সিএনজি আরোহী কুমিল্লার দেবিদ্বার উপজেলা নদিয়াবাদ গ্রামের অঞ্চলী রানী সাহা (৫২) ও তার পঞ্চম শ্রেণির ছাত্র প্রত্যয় সাহা (১২), সিএনজি চালক স্থানীয় বালুয়াকান্দি গ্রামের কালু মিয়া (৩৮) ও অটোরিকশা চালক চুয়াডাঙ্গার মন্টু মিয়া (৪০)। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। কিছু বস্তাবন্দি এবং কিছু খোলা অবস্থায় ট্রাকের ভূট্টাগুলো মহাসড়কের পাশে পড়ে আছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। কালু মিয়ার লাশ ঘটনাস্থল থেকেই স্বজনরা নিয়ে গেছেন। বাকী ৩টি লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যপারে গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।