খালেদা জিয়ার সঙ্গে ড. কামাল-মান্নার বৈঠক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ০১:১৬

গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও সুলতান মোহাম্মদ মনসুর। আধা ঘণ্টা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। এই সংকট উত্তরণে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সব মানুষেই চায় সুস্থ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। শুধু গণফোরাম নয়, কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।

ড. কামাল হোসেন বলেন, আমরা মূলত আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে এখানে এসেছিলাম। ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু। এর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর।