এপ্রিলে এটমেক্সপো-২০১৯ :প্রাধান্য গ্রিন বিনিয়োগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ১১তম আন্তর্জাতিক আণবিক শক্তি ফোরাম এটমেক্সপো-২০১৯। ফোরামটির মূল প্রতিপাদ্য আধুনিক পরমাণু শক্তি প্রযুক্তি। দুদিনব্যাপী ফোরামটিতে কার্বন মুক্ত এনার্জি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্বশীল আচরণ, ‘গ্রিন’ বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বসহ বিভিন্ন সমসাময়িক বৈশ্বিক ইস্যু স্থান পাবে। ১৩ হাজার বর্গমিটারের অধিক স্থান জুড়ে অনুষ্ঠিত হবে ফোরামটি।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টির অধিক দেশ থেকে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি এবারের এটমেক্সপোতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। পরমাণু শিল্পের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রুশ ও অন্যান্য বিদেশি কোম্পানি এবং আধুনিক পারমাণবিক বিজ্ঞানে বিশেষজ্ঞবৃন্দ ফোরামে তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উত্কৃষ্ট উদাহরণগুলো অন্যদের সঙ্গে বিনিময় করবেন। উদ্বোধনী দিনে দ্বিতীয় বারের মতো ‘এটমেক্সপো অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে।

গত বছর অনুষ্ঠিত এটমেক্সপোতে ৬৮টি দেশের চার হাজারেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা ছিল ৬০০টি। ফোরামের সাইড লাইনে বাণিজ্যিক, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব সংক্রান্ত মোট ৩৯টি চুক্তি স্বাক্ষরিত হয়।  —প্রেস বিজ্ঞপ্তি