অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৫৬

ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল শনিবার সকালে উড়িষ্যা উপকূলের হুইলার দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটি উেক্ষপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষেপণাস্ত্র উেক্ষপণের সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

আইটিআর কর্মকর্তা এম ভি কে ভি প্রাসাদ জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, কেবল শত্রুকে আঘাত হানা নয়, এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ১৭ মিটার লম্বা এবং দুই মিটার চওড়া এই ক্ষেপণাস্ত্রটির ওজন ৫০ টন। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সহজে বহনযোগ্য হওয়ায় দেশের যে কোনো স্থানে নিয়ে যাওয়া সম্ভব। ভারত এর আগে ২০১২ সালের ১৯ এপ্রিল এবং ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর আরো একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। গতকাল এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী মোদী ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে দেশ এবং সেনাবাহিনীর অস্ত্রভান্ডার আরো শক্তিশালী হলো। দেশটির প্রখ্যাত বিজ্ঞানী অভিনাশ চন্দর যিনি এই ক্ষেপণাস্ত্রের উন্নয়নসাধন করেছেন তিনি গতকালই অবসরে যান।