একনজরে ভারত-পাকিস্তান সংঘাতের ইতিহাস

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ইতিহাস নতুন নয়। ভারতের পুলওয়ামায় একটি সেনাবহরে জঙ্গি হামলার ঘটনার জবাব দিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। এরপর দুই দেশের সীমান্ত রেখা বরাবর পাল্টা হামলার কথা জানিয়েছে পাকিস্তানও। প্রতিবেশী বৈরী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে এই দুই দেশের মধ্যে সংঘাত বা উত্তেজনা এবারই প্রথম নয়। দেশ বিভাগের পর থেকেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে, যার বড় কারণ কাশ্মির।

অক্টোবর ১৯৪৭: দেশভাগের মাত্র দুই মাসের মাথায় কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়।

অগাস্ট ১৯৬৫: কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ হয়।

ডিসেম্বর ১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করতে তত্কালীন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে ভারত। পাকিস্তানের ভেতরে বোমা নিক্ষেপ করে ভারতীয় বিমান বাহিনী। বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে যুদ্ধটি শেষ হয়।

১৯৮৯: ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মির উপত্যকায় সশস্ত্র লড়াই শুরু হয়।

ফেব্রুয়ারি ১৯৯৯: ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি বাসে করে পাকিস্তানের লাহোরে যান, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার একটি শান্তি চুক্তি হয়।

জুলাই ১৯৯৯: পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা কারগিল পর্বতে ভারতের একটি সামরিক চৌকি দখল করে নেয়। ভারত বিমান এবং সেনা অভিযান শুরু করার পর দখলকারীরা পিছু হটে যায়।

 মে ২০০১: ভারতীয় প্রধানমন্ত্রী বাজপেয়ীর সঙ্গে ভারতের আগ্রায় মিলিত হন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তবে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন।

অক্টোবর ২০০১: শ্রীনগরে কাশ্মির বিধানসভায় একটি ভয়াবহ হামলায় ৩৮জন নিহত।

১৩ই ডিসেম্বর ২০০১: দিল্লিতে ভারতের সংসদ ভবনে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত।

ফেব্রুয়ারি ২০০৭: ভারত-পাকিস্তানের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস ট্রেনে বোমা হামলায় ৬৮জন নিহত হন।

২৬ নভেম্বর ২০০৮: মুম্বাইয়ের প্রধান রেল স্টেশন, বিলাসবহুল একটি হোটেল এবং একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত। ভারতের অভিযোগ, ওই হামলার পেছনে রয়েছে লস্কর-ই-তাইয়েবা।

জানুয়ারি ২০১৬: পাঠানকোটে ভারতের বিমান ঘাঁটিতে হামলায় সাত ভারতীয় সেনা এবং ছয় জঙ্গি নিহত।

১৮ সেপ্টেম্বর ২০১৬: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ সেনা সদস্য নিহত।

১৪ ফেব্রয়ারি ২০১৯: কাশ্মিরের পুলওয়ামায় একটি সামরিক বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ সেনা নিহত। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-এ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার।  বিবিসি বাংলা