কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে হট্টগোল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৩৪
 
পশ্চিমবঙ্গের কলকাতার ৩৯তম আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রকাশিত মানচিত্রে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে না দেখানোয় বিক্ষোভের পর সেগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে। পর্যটন কর্পোরেশনের স্টলে রাখা মানচিত্রে কাশ্মিরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল।
শনিবার সন্ধ্যায় হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির বেশ কিছু কর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বইমেলায় বাংলাদেশে প্যাভিলিয়নের সামনে বিক্ষোভ শুরু করে। এসময় তাদেরকে 'কাশ্মিরসহ ভারতের' মানচিত্র তুলে ধরতে দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ প্যাভিলিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এসে বিক্ষোভকারিদের সামনে দুঃখ প্রকাশ করেন এবং মানচিত্রগুলো নিয়ে চলে যান।
বিক্ষোভের নিন্দা করে ভারতের মানবাধিকার সংগঠন এপিডিআর বিক্ষোভকারীদের বিভেদকারী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।‌
এই ঘটনার পর রবিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের পর্যটন মন্ত্রণালয়।
বিতর্কিত কাশ্মীরের একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে থাকলেও, ভারত সবসময় তাদের মানচিত্রে কাশ্মীরের পুরোটা রাখে। একইভাবে পাকিস্তানও তাদের মানচিত্রে কাশ্মীরের পুরোটা দেখায়।
জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা এবং দেশ কাশ্মীরের নিয়ন্ত্রক রেখাকেই ভারত এবং পাকিস্তানের বিতর্কিত সীমান্ত হিসাবে দেখায়। সূত্র: বিবিসি