মিসরে রেল স্টেশনে আগুন, নিহত ২০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

মিসরের রাজধানী কায়রোর প্রধান রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। গতকাল রামসেস স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির জাতীয় রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে একটি পাথরের গতিরোধকের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষের পর আগুনের সূত্রপাত ঘটে। এতে করে মুহূর্তের মধ্যে তেলের ট্যাংকারে আগুন লেগে তা বিস্ফোরিত হয়। ফলশ্রুতিতে আগুন প্লাটফর্ম ও আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কর্মীরা। মিনা ঘালি নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমি সেসময়ে প্লাটফর্মে দাঁড়িয়েছিলাম। আমি দেখতে পেলাম দ্রুতগতির একটি ট্রেন গতিরোধকের সঙ্গে ধাক্কা খেল। সবাই তখন ভয়ে এদিক-সেদিক পালাচ্ছিল। কিন্তু লোকোমোটিভটির বিস্ফোরণের পর আমি অনেক মানুষের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখলাম। উল্লেখ্য এর আগেও দেশটিতে এ ধরনের বহু ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার জন্য তাদের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৩ জন নিহত ও শতাধিক লোক আহত হয়। সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল ২০০২ সালে। রাজধানী কায়রোতে সে দুর্ঘটনা ঘটে। তখন ৩৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।