কোম্পানীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর-লুটপাট, চিকিৎসকসহ আহত ২

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:১৫
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ভর্তিকৃত শিশুকে মৃত ঘোষণা করায় মৃতের আত্মীয়রা হাসপাতাল ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ স্বজনরা কর্তব্যরত একজন চিকিৎসক ও একজন ওটিকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের উপজেলা সংলগ্ন হৈদ বাড়ির বেলাল হোসেনের ছেলে মিনহাজ (৩) নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আবু নাছের শিশু মিনহাজকে মৃত ঘোষণা করেন। এর পরপরই স্বজনরাসহ ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে চিকিৎসক আবু নাছেরকে কুপিয়ে মারাত্মক আহত করেন। এ সময় তার পাশে থাকা ওটিবয় ইমাম উদ্দিনকেও গুরুতর আহত করে। এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্সের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর চালায়।
পুলিশ খবর পেয়ে সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। চিকিৎসক আবু নাছেরকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ সংবাদে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।