সিরাজগঞ্জের শাহজাদপুরে, চাঁদপুরের মতলবে, বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার অন্তত পাঁচজন নিহত হয়েছে।আহত হয়েছে আরও ছয়জন।
সিরাজগঞ্জের শাহজাদপুর সংবাদদাতা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৫ জন আহত হয়েছে। এরা হলেন- উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের শাহাদত হোসেন (৪০), হরিরামপুর গ্রামের ইব্রাহিম (৩৫) এবং ছোট শ্যামবাড়িয়ার শামসুল ইসলাম (৩৫)।এরা সবাই বাঘাবাড়ি নৌবন্দরের শ্রমিকের কাজ করতো।
শাহজাদপুর থানার ওসি জানান, গতকাল সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার পারকোলায় দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী যাত্রীবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৬ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় আরো একজন মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
চাঁদপুরের মতলব সংবাদদাতা জানান, বাবুর হাট-মতলব পেন্নাই সড়কে গতকাল অটোরিক্সা ও পিকাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে হরেকৃষ্ণ সরকার (৩৫) নামে একজন মারা গেছে এবং আরো ৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মতলবে আসার পথে নারায়নপুর এলাকায় ঢাকামুখী একটি পিকাপ ভ্যানের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। নিহত হরেকৃষ্ণের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কাটালিয়া গ্রামে।
বরিশাল অফিস জানিয়েছে, উজিরপুরে সেলিম হাওলাদার (৩৪) নামে এক নির্মাণ শ্রমিক ট্রাকের চাপায় নিহত হয়েছেন।গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দেয়। নিহত সেলিমের বাড়ি উপজেলার পূর্ব ধামসর গ্রামে।
উজিরপুর থানার এসআই জানান, সাইকেলযোগে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন সেলিম হাওলাদার। এ সময় জয়শ্রী নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সেলিমকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
