পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৮
যশোরে মনিরামপুরে পেট্রোল বোমা নিক্ষেপকালে ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলায় এ ঘটনা ঘটেছে। নিহত দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
অপরদিকে যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলায় মোটরসাইকেলে করে দুই হরতালসমর্থক ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে যায়। এ সময় ট্রাক চাপায় ওই দুইজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ  একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
এদিকে ভোর চারটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপকালে গণপিটুনির শিকার হয়েছে এক বিএনপি কর্মী। গণপিটুনির শিকার শাহীনের (৩০) বাড়ি বাঘারপাড়া এলাকায়। আহত অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।