বাগেরহাটে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ, বিএনপি নেতা আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:২৪
 
 
বাগেরহাটের ফকিরহাটে সোমবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে মোদাচ্ছের মল্লিক (৩০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বাগেরহাট মহাসড়ক পুলিশের (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, রাত একটার দিকে মংলা থেকে সিমেন্ট ভর্তি করে খুলনায় যাওয়ার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় ওত্ পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় চালক হাবিবুর রহমান জীবন বাচাঁতে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের বাড়ি থেকে পুলিশ ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে। মোদাচ্ছের মল্লিক ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।