বিভিন্ন স্থানে উপ-নির্বাচন আজ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

দেশের বিভিন্ন স্থানে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

পঞ্চগড়: পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন— আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট (মোটরসাইকেল), জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ (চশমা), বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন  (ঘোড়া), অধ্যক্ষ দেলদার রহমান দিলু (আনারস) ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর সহধর্মিণী মোছাঃ জহুরা প্রধান (টেবিল ফ্যান)।

পঞ্চগড় জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে পদটি শূন্য হয়।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে  বিএনপি-জামায়াত বা অন্য কোনো বিরোধী দল অংশ নিচ্ছে না। পৌর মেয়র মখলেছুর রহমানের মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়।

আওয়ামী লীগ থেকে লড়ছেন সাবেক প্যানেল মেয়র আশরাফুল আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। অপর প্রার্থী হচ্ছেন মোঃ এনামুল হক (নারিকেল গাছ)। তিনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভাই। তিনি সতন্ত্রপ্রার্থী হয়েছেন। এ ছাড়াও পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান বিজু (মোবাইল ফোন) প্রতীক নিয়ে লড়ছেন। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কিন্তু সতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন বলে দাবি তার।   

মধুখালী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী উপজেলার ৩নং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবীবুর রহমান মোল্যা এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ জাহাঙ্গীর আলম (চশমা প্রতীক), জাহিদুল হাসান টিপু (আনারস প্রতীক) এবং মোস্তাক আহমেদ ডালিম (মোটরসাইকেল প্রতীক)। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

নগরকান্দা (ফরিদপুর): নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উপনির্বাচন দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাঠে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়ার মা দেলোয়ারা বেগম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগ নেতা তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান।