টেকনাফে তিন লাখ ইয়াবাসহ আটক ২০

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ২২:১৮
 
টেকনাফের নাফ নদীতে র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় অন্তত ৮ জন মিয়ানমার নাগরিকসহ ২০ জনকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পে কর্মরত এএসপি দেলোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল মঙ্গলবার বিকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি ছোট ইঞ্জিন বোটকে ধাওয়া করে। র‌্যাবের ধাওয়া খেয়ে বোটটি টেকনাফের নাফ নদীতে ঢুকে পড়ে। র‌্যাবও তাদের পিছু নেয়। বিকাল সাড়ে ৫টার দিকে বোটটি দমদমিয়া কেয়ারী ঘাট পয়েন্টে এসে র‌্যাবের হাতে ধরা পড়ে। পরে উক্ত বোটে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় বোটটিও জব্দ করা হয়। এসময় বোটের চালক, আরোহী সহ ১২ জনকে আটক করা হয়। তবে আটক সবাই ইয়াবা পাচারে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি র‌্যাব।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের পর ইয়াবা পাচারকারীদের সনাক্ত করা হবে। আটকদের কক্সবাজার শহরের র‌্যাব কোম্পানি কমান্ডার কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে টেকনাফে বিজিবির পৃথক অভিযানে প্রায় দেড়কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা টেবলেটসহ মিয়ানমার ৮ জন নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বরাবর নাফ নদীতে উক্ত অভিযান চালায়।
অভিযানে আটক মিয়ানমার নাগরিকরা হলেন- মিয়ানমারের আরাকান প্রদেশের মংডু থানার হারিয়াপাড়ার নাজির আহম্মেদ (৪০),আনিছুর রহমান (২০),ওমর ফারুক (২৫),হানিফ (২২), হাশেম (২০),জিয়াউর রহমান (২০),আইয়ুব আলী (৪৫) ও ইসমাইল হোসেন (২৮)।
টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ জানান, ঘটনার সময় ইয়াবা ছাড়াও ২টি ইঞ্জিন চালিত ফিশিং বোট এবং ১০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। আটক বোটটি  টেকনাফ শুল্ক অফিসে জমা করা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।