ফুলবাড়ী সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩১ এর সাব পিলার ৭ এর পাশ দিয়ে দুই যুবক বাংলাদেশে প্রবেশ করার সময় বালারহাট ক্যাম্পের হাবিলদার সোলায়মান হোসেনের নেতৃত্বে একদল বিজিবির সদস্য তাদেরকে আটক করে। পরে সীমান্তে রেখে যাওয়া তাদের একটি পুরাতন  মোটরসাইকেলসহ আটক দুই যুবককে বালারহাট ক্যাম্পে নিয়ে আসা হয়।

তারা হলেন, লালমনিরহাট জেলার তিস্তা ইউনিয়নের তিস্তা পূর্ব গ্রামের সোহেল রানা ও একই গ্রামের শহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবককে রাতেই ফুলবাড়ী থানায় সোপর্দ করা হবে।