ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। এখন ঢাকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পুলিশের তত্পরতার কারণে দুর্বৃত্তরা জনগণের জান-মালের ক্ষতি করতে পারছে না। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। যাত্রীবেশে কিছু দুর্বৃত্ত হঠাত্ বাসে অগ্নিসংযোগ করছে। জনগণের সহায়তা পেলে পুলিশ যেকোন মূল্যে রাজধানীতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, ঢাকায় প্রতিদিন ২৪ লাখ যানবাহন আসা-যাওয়া করে। এর মধ্যে দু-একটি বাসে যাত্রীবেশে উঠে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে নেমে যায় দুর্বৃত্তরা। তবে রাজধানীতে প্রকাশ্যে কোন গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা নেই। অবরোধের নামে নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য সকলকে আহবান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, সকলকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধভাবে নাশকতাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সব থানায় দুর্বৃত্তদের অর্থ ও হুকুমদাতাদের তালিকা রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। কেউ পার পাবে না। পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের সদস্যরাই মাঠে সমানভাবে কাজ করছে।
সাক্ষাত্কালে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
