বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন আহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

সোনাতলা উপজেলার বালুয়াহাটে দক্ষিণ আটকরিয়া ও বড়বালুয়া গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

উপজেলার বড়বালুয়া গ্রামের আপেল মেম্বার পক্ষ জানায়, ওইদিন তুচ্ছ ঘটনার জের ধরে দক্ষিণ আটকরিয়া গ্রামের কিছু লোক সংঘবদ্ধ হয়ে প্রথমে তর্ক-বিতর্ক শুরু করে। পরে লাঠিসোঁটা ও ধারালো হাতিয়ার নিয়ে হামলা চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আহত করে। এছাড়া আ.লতিফ নিউ মার্কেটে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার, বাবলু মিয়ার রাইস মিলে হামলা করে। আপেল মেম্বারের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। প্রতিপক্ষের লোকজন জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে বড়বালুয়া গ্রামের আপেল মেম্বার ও তার লোকজন আমাদের ওপর লাঠিসোঁটা ও ধারালো হাতিয়ার নিয়ে হামলা চালায়। এতে মহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ঠান্ডা মিয়া আহত হয়।

থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বালুয়াহাটে অপ্রীতিকর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগে ক্ষতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি জানান, এ ব্যাপারে কোনো পক্ষ থানায় মামলা কিংবা অভিযোগ করেনি।