যাত্রাবাড়ীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৩৯

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে মঙ্গলবার মধ্যরাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা চলমান অবরোধে নাশকতায় জড়িত থাকতে পারে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার এবং বেশ কয়েকটি হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। এদিকে ভাষানটেক থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রাত সোয়া ২টার দিকে র্যাবের একটি টহল দল মাতুয়াইলের কাঠেরপুল এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে কেউ। এ সময় র্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে ৫/৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়েন। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে সেখানে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তারা হরতাল-অবরোধে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও বোমাবাজিতে জড়িত থাকতে পারে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতদের খোঁজে কেউ থানা বা হাসপাতালে আসেনি। ফলে তাদের পরিচয়ও পাওয়া যায়নি। 

অন্যদিকে ভাষানটেক থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, খবর পেয়ে গতকাল বুধবার ভোরে স্থানীয় শিল্পীরটেক বালুর মাঠ থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে চেক শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত হয়নি।