নাটোরে একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃৃত্তরা। এতে ঐ ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার আহম্মদপুর সেতুর পাশে নাটোর-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাকটি রাজশাহী থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে নাটোরের সদর উপজেলার আহম্মদপুর সেতুর কাছে পৌঁছুলে ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে অাগুন ধরে যায়। এ সময় ট্রাকের চালক আশরাফুল ইসলাম (৩৫) এবং তার সহকারী বাবুল হোসেন (২৮) দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
