পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু দাউদ প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আবু দাউদ প্রধান জানান, এখনো চিঠি পাইনি। তবে শুনেছি আমাকে বহিষ্কার করা হচ্ছে।
