ট্রাকে বোমা, নিহত ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪৭

হরতাল-অবরোধে সহিংসতার আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় একটি পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের উপর্যুপরি হাতবোমা হামলার পর অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আরো দু’জন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন একজন। রাজশাহীতে পেট্রোল বোমা হামলায় এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

গাজীপুরের জয়দবেপুর রেল স্টেশনে তুরাগ এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গুলি করে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। সিলেটে বিশ্বনাথ-ছাতক রেললাইনে আগুন দেয়া হয়েছে।
গাইবান্ধায় বাসে ককটেল হামলায় আহত হয়েছেন দুই নারী যাত্রীসহ ৩ জন। নওগাঁয় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে এক জনপ্রতিধিসহ ১০ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে ভূমি অফিসে, পিরোজপুরে পিকআপ ভ্যানে ও নারায়ণগঞ্জে এক আওয়ামী লীগ নেতার প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বগুড়া প্রতিনিধি জানান, ট্রাকে হামলার ঘটনায় নিহতরা হলেন পান ব্যবসায়ী শহিদুল সরকার (৩৮) ও ট্রাকচালক পলাশ (৪০)।  শহিদুল জেলার শিবগঞ্জ উপজেলার বনতেঘড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে। পলাশের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায়। এ ঘটনায় দগ্ধ মামুনও  (৩২) একই এলাকার বাসিন্দা। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই শহরের জামিলনগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঝিনাইদহ থেকে পান বোঝাই ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-০৮০৭) দিনাজপুর যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে বগুড়া-রংপুর সড়কের তিনমাথা রেলগেট তেলিপুকুর এলাকায় পৌঁছলে ট্রাকটি লক্ষ্য করে বেশ কয়েকটি ককেটল ছোঁড়ে দুর্বৃত্তরা। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে ককটেলের বিস্ফোরণ ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ট্রাকে আগুন ধরে যায়। এতে ওই তিনজন দগ্ধ হন। এসময় সেখানে থাকা আরও ৩টি  বাসেও আগুন লাগে। পুলিশ দ্রুত আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকরা শহিদুলকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেয়ার জন্য এ্যাম্বুলেন্সে তোলার সময় পলাশ মারা যান।
হাসপাতালের বার্ন বিভাগের রেজিষ্ট্রার ডা. দেওয়ান শহীদুল্লাহ জানান, পলাশের  শ্বাসনালীসহ ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। মামুনের শরীরের ৩৫ শতাংশ পুড়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত পান ব্যবসায়ী শহিদুল সরকারের ছোট ভাই ফারুক সরকার জানান, তার ভাই ঝিনাইদহ থেকে পান কিনে ফেরার পথে ককটেল হামলার শিকার হন। খবর পেয়ে ভোরে হাসপাতালে এসে ভাইয়ের লাশ সনাক্ত করেছেন।
উল্লেখ্য, এনিয়ে গত একমাসে  জেলায় হরতাল-অবরোধে পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা গেছেন ৩ জন। দগ্ধ হয়েছেন ১১ জন।
রাজশাহী অফিস জানায়, রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর নামক স্থানে পেট্রোল বোমা হামলায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। রাত ১০ টা পর্যন্ত নিহত হেলপারের নাম জানা যায়নি। জেলার পুলিশ সুপার আলমগীর কবির জানান, বোমাটি সরাসরি চালকের পাশে বসে থাকা হেলপারের মাথায় লাগে। এতে হেলপারের শরীরে এবং ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কমিউটার ট্রেন তুরাগ এক্সপ্রেস জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশ করে। এসময় যাত্রীবেশী দুর্বৃত্তরা ট্রেনের ৮৭৫ নং বগির দুটি সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সিট দুটি পুড়ে যায়। কর্তব্যরত রেলকর্মীরা যাত্রীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, আগুন দিয়ে পালানোর সময় নাশকতাকারী সন্দেহে পুলিশ মোমিন নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে গাজীপুর শহরের উত্তর বরুদা এলাকার নুরুন নবীর ছেলে ও টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, বুধবার রাতে উপজেলার কামালবাজার রামপুর এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের ওপর আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী দ্রুত এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার ধাপেরহাট বাজারের ফাইভস্টার মোড়ে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে হরতাল-অবরোধ সমর্থকরা ককটেল নিক্ষেপ করে। এতে জানালার কাঁচ ভেঙ্গে বাসযাত্রী কনা খাতুন (২০), বেবি বেগম (২৫) ও শহিদুল ইসলাম (৪৫) আহত হন। কনাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলায় একটি খড়িবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নওগাঁ প্রতিনিধি জানান, হরতাল চলাকালে বৃহস্পতিবার দুপুরে শহরের দয়ালের মোড়ে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার গুলি ছোঁড়ে। এতে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলিসহ ১০ নেতাকর্মী আহত হন ।
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার ৫/৬ নং ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের দরজা-জানালা পুড়ে গেছে। এছাড়া বুধবার রাতে ফায়ার সার্ভিস স্টেশন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট বাজারে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। দুর্বৃত্তরা স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা আদালত সংলগ্ন আইনজীবীদের চেম্বারের একটি ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে বৃহস্পতিবার ভোরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূইয়ার প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বরযাত্রীবাহী মাইক্রোবাসে বোমা, শিশু আহত

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কাশিয়ানীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসে পেট্রোল বোমা হামলায় এক শিশু (৩) আহত হয়েছে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম জানা যায়নি।