চীনের একটি বিপণীবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে। খবর: এএফপির।
স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের হুইডং কাউন্টির একটি চারতলা ভবনের উপরতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হুইডং সরকারের টুইটার ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম সিনা উইবুর পাতায় এক বিবৃতিতে জানান হয়, উদ্ধার তত্পরতা ১৮ ঘণ্টা ধরে চলে এবং এতে ১৭ জনের প্রাণহানি ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, আগুন নিয়ন্ত্রণে ২৭০ জন দমকল কর্মী ও ৪৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ব্যবহার করা হয়।
এই ঘটনায় বিপণীবিতানের নয় ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এই বিপণীবিতানটিতে একটি ইনডোর-মার্কেট, একটি সিনেমা হল ও কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। একটি ওয়্যারহাউজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
২০১৩ সালে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এক হাঁস-মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৯ জনের প্রাণহানি ঘটে।
