ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং পূর্ববর্তী শান্তি চুক্তি বাস্তবায়নে একটি পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে।
ফ্রান্সের এক কর্মকর্তা শুক্রবার বলেন, ‘মিনস্ক চুক্তি বাস্তবায়নে কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মানীর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শুক্রবার চার ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। সব পক্ষ বৈঠককে ‘গঠনমূলক ও ব্যাপক’ বলে উল্লেখ করেছে।
তারা রবিবার টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্ককে তার দেশের পূর্বাঞ্চল নিয়ে শান্তি পরিকল্পনার কথা জানাবেন।
গত সেপ্টেম্বরে বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করতে একটি পরিকল্পনা করা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। মিনস্কে অস্ত্রবিরতি চুক্তির পরও বিদ্রোহীরা আরো এলাকা দখল করে নিয়েছে যা কিয়েভ ও ইউক্রেনের সমর্থকদের জন্য উদ্বেগজনক।
ইউক্রেনে রাশিয়াপন্থী সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর গত ফেব্রুয়ারিতে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কতে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরু হয়। এর কয়েক সপ্তাহ আগে এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রুশ ফেডারেশনে যুক্ত হয়।
ইউক্রেন সরকার ও পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৫ হাজার ৪শ’ জন নিহত হয়েছে।
পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য নিয়ে সাহায্যের অভিযোগ করেছে। তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখান করেছে।
গত বৃহস্পতিবার ইউক্রেন সরকারের সঙ্গে ওলাঁদ ও মেরকেল শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। শুক্রবার রাশিয়ার সঙ্গে বৈঠকে তারা এ প্রস্তাব উত্থাপন করেন। -এএফপি
