ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-২০ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে তিনটি ক্লাব। ‘এ’ গ্রুপ থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ‘বি’ গ্রুপ থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ‘সি’ গ্রুপ থেকে শাইনপুকুর ক্রিকেট ক্লাব শেষ চারে খেলা নিশ্চিত করেছে। ‘ডি’ গ্রুপের সেমিফাইনালিস্ট এখনও চূড়ান্ত হয়নি।
গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিংয়ের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে তে গড়িয়েছে ম্যাচ। গতকাল সন্ধ্যার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, গাজী ক্রিকেটার্স-প্রাইম দোলেশ্বরের ম্যাচটি বৃষ্টির কারণে আজ (গতকাল) হয়নি। কাল (আজ) অনুষ্ঠিত হবে। ১২টায় শুরু হবে ম্যাচটি।
আগামী ১ মার্চ প্রথম সেমিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শাইনপুকুরের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিতে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ হবে কোন ক্লাব সেটি নির্ধারিত হবে আজ গাজী ক্রিকেটার্স-প্রাইম দোলেশ্বর ম্যাচের মাধ্যমে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে উঠার লড়াইয়ে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে লড়বে।
গতকাল বিকেলে দিনের প্রথম ম্যাচ শেষ হতেই নেমেছিল বৃষ্টি। পরে থেমে থেমে হয়েছে বৃষ্টি। গাজী ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের খেলোয়াড়রা ওয়ার্ম আপও করতে পারেননি। সন্ধ্যায় ম্যাচটি রিজার্ভ ডে তে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।
‘সি’ গ্রুপ থেকে আগেই সেমিতে খেলা নিশ্চিত করেছিল শাইনপুকুর। প্রথম ম্যাচ হারলেও গতকাল জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে মোহামেডান। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩০ রানে পরাজিত করেছে মোহামেডান। প্রথম ম্যাচে শাইনপুকুরের কাছেই হেরেছিল ক্লাবটি।
ফতুল্লায় আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছিল মোহামেডান। ইনিংসের শুরুতে ৫ রানে দুই উইকেট হারিয়ে বসেছিল সাদা কালো শিবির। এক পর্যায়ে ৬৫ রানে মোহামেডানের ছয় ব্যাটসম্যান আউট হন। তারপরও তাদের স্কোর একশো পার হয়েছিল মিডল অর্ডারে নাদিফ চৌধুরী, সোহাগ গাজী এবং শেষ দিকে আলাউদ্দিন বাবুর ব্যাটিং দৃঢ়তায়। নাদিফ চৌধুরী অপরাজিত ৪১, সোহাগ গাজী ২১ ও আলাউদ্দিন বাবু ৩০ রান করেন। রূপগঞ্জের শহীদ তিনটি, মিনহাজুর রহমান দুটি, নাবিল সামাদ, মুক্তার আলী ও আসিফ হাসান একটি করে উইকেট নেন।
মোহামেডানের দেওয়া ১৪৪ রানের টার্গেটটা অনাতিক্রম্য ছিল না। কিন্তু রূপগঞ্জের কেউ উইকেটে থিতু হতে পারেননি। বড় ইনিংস খেলতে পারেননি। তাই আট উইকেটে ১১৩ রানের বেশি যেতে পারেনি রূপগঞ্জ। অধিনায়ক নাঈম ইসলাম ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন। আজমীর আহমেদ ১৮, শাহরিয়ার নাফীস ১৫, আসিফ হাসান ১৪, মুক্তার আলী ১০ রান করেন। মোহামেডানের সাকলাইন সজীব, শাহাদাত হোসেন, নিহাদুজ্জামান দুটি করে, আলাউদ্দিন বাবু- সোহাগ গাজী একটি করে উইকেট পান। অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার পান মোহামেডানের আলাউদ্দিন বাবু।ধ
